বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মুখ্যমন্ত্রীর একটি বিতর্কিত ভিডিও তৈরি ও দলীয় অনুমতি ছাড়াই তা সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর রন বিকাশ গৌরবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে একটি রাইফেল তাক করা অবস্থায় দেখানো হয়েছিল, যা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীদের পক্ষ থেকে সমালোচনার পাশাপাশি মামলা দায়েরও করা হয়েছে।
প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র কিশোর উপাধ্যায় বৃহস্পতিবার জানান, রন বিকাশ গৌরবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে। তিনি বলেন, “এ ধরনের সংবেদনশীল বিষয়বস্তু প্রকাশের আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীকে ঘিরে কোনও কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইনচার্জ, রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রীর দফতরের অনুমোদন আবশ্যক। কিন্তু অনুমতি ছাড়াই পোস্ট করা হয়েছে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
গত শনিবার আপলোড হওয়া এবং পরে সরিয়ে ফেলা ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে দু’জন ব্যক্তির দিকে রাইফেল তাক করতে দেখা যায়। তাঁদের মধ্যে একজনের চেহারা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে দাবি ওঠে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল— “পয়েন্ট ব্ল্যাঙ্ক শট”। ভিডিওটি ভাইরাল হতেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করে এবং ১১ ফেব্রুয়ারি রন বিকাশ গৌরবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার কংগ্রেস দিসপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, ভিডিওটি পোস্ট হওয়ার আগে তিনি বিষয়টি জানতেন না। কিছু বিজেপি কর্মীও পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি উল্লেখ করেন। প্রয়োজন হলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান তিনি।
এদিকে, এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি-সহ বিরোধী নেতাদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। তবে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে তাঁর অবস্থান আগের মতোই কঠোর থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
দলের একাংশের দাবি, রন বিকাশ গৌরব ডিজিটাল প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর বক্তব্যও শোনা উচিত। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে গৌরব লেখেন, “এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ‘রাইট উইং কমিউনিটি’র সকলকে ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাকে সাহস ও মর্যাদা দিয়েছে।” তিনি ঘটনাটিকে নিজের জীবনের এক আবেগঘন মুহূর্ত বলে উল্লেখ করেন।



