কানাডায় ভয়াবহ বন্দুক হামলা, নিহত অন্তত ১০

১১ ফেব্রুয়ারি : কানাডায় একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে একটি স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একই দিনে দেশটির বৃহত্তম শহর টরন্টোতেও আলাদা এক বন্দুক হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ এলাকায় অবস্থিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে এটিকে পরিকল্পিত গণগুলির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

পুলিশের তথ্যমতে, স্কুল ভবনের ভেতর থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ছাড়া, একই এলাকার একটি বাসা থেকে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে, যা এই হামলার সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। হামলাকারীকেও স্কুল ভবনের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিচয় পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *