কেন্দ্রীয় বাজেটে অসমকে বিশেষ গুরুত্ব, সন্তোষ প্রকাশ প্রেম শুক্লার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা। বাজেটকে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী আখ্যা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার অসম ও উত্তর–পূর্বাঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে।

সোমবার শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রেম শুক্লা জানান, বিগত ১০ বছরে কংগ্রেস শাসনামলে অসমের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল, তার তুলনায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বিজেপি সরকার দ্বিগুণ অর্থ বরাদ্দ করেছে। তাঁর দাবি, ২০২৬–২৭ অর্থবছরে অসমের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৯ হাজার ৭২৫ কোটি টাকা, যা রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ বরাদ্দ। তিনি আরও বলেন, এবারের বাজেটে আসামের পরিকাঠামো উন্নয়ন, সড়ক ও রেল যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিপুল আর্থিক বরাদ্দ রাজ্যের সার্বিক উন্নয়নে নতুন গতি আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে উত্তর–পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে প্রণীত এই বাজেট আসামের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন প্রেম শুক্লা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, মন্ত্রী কৌশিক রায় ও প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়।

এদিকে, সাংবাদিক সম্মেলনের আগে বিজেপির কাছাড় মিডিয়া সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মন্ত্রী কৌশিক রায় এবং প্রেম শুক্লা ফিতা কেটে এই মিডিয়া সেলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দলীয় কর্মী ও নেতৃত্বের উপস্থিতিতে নতুন মিডিয়া সেলের মাধ্যমে সংগঠনের বার্তা আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *