বরাকের জ্বলন্ত ইস্যুতে শিলচরে সরব নিঘাত আব্বাস

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে শনিবার সরব হল কংগ্রেস। শিলচরের ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মিডিয়া সমন্বয়কারী নিঘাত আব্বাস শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

বরাক উপত্যকার একাধিক জ্বলন্ত সমস্যা তুলে ধরে নিঘাত আব্বাস বলেন, উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, ড্রেনেজ ব্যবস্থা চরমভাবে বেহাল, স্বাস্থ্য পরিষেবা দুর্বল এবং বেকারত্ব ক্রমশ বাড়ছে। অথচ এই বেসিক সমস্যাগুলির সমাধানে বিজেপি সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধরে বরাকের মানুষকে বোকা বানিয়ে এসেছে বিজেপি। চা-বাগান শ্রমিকদের মজুরি ইস্যুতেও বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে শাসক দল। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিজেপির কোনো কার্যকর ভূমিকা নেই বলেও কটাক্ষ করেন তিনি।

নিঘাত আব্বাস আরও বলেন, টানা ১১ বছর বিজেপি ক্ষমতায় থাকলেও বরাক উপত্যকা আজও ভয়াবহ বন্যার কবল থেকে মুক্ত নয়। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি জানান, বর্তমানে রাজ্যজুড়ে চলা এসআর (SR) প্রক্রিয়ায় ফর্ম-৭-এর মাধ্যমে দুর্নীতি চলছে।

বিজেপির সব প্রতিশ্রুতি কেবল কাগজেই সীমাবদ্ধ বলে মন্তব্য করে নিঘাত আব্বাস বলেন, বরাকের মানুষের নানা প্রশ্ন তিনি আজ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন এবং খুব শীঘ্রই বিজেপির “কালো কারবার” প্রকাশ্যে আসবে বলে দাবি করেন।

একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভারতীয় জাতীয় কংগ্রেস আবারও কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *