মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : শিক্ষার প্রসার ও ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে অসম সরকারের এক গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগের বাস্তব রূপ দেখা গেল শ্রীভূমি জেলায়। মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ কর্মসূচি রাজ্যজুড়ে শুরু হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার শ্রীভূমি জেলার পাথারকান্দি শিক্ষা খণ্ডের অন্তর্গত ঝেরঝেরি ক্লাস্টারের হোসাইনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক আনুষ্ঠানিক ও উৎসবমুখর পরিবেশে সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্বপনকান্তি পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবম শ্রেণির শিক্ষার্থী, তাদের মা-বাবা ও অভিভাবকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে স্বপনকান্তি পাল বলেন, “বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গ্রামাঞ্চলের বহু ছাত্রছাত্রী দূরত্ব ও যাতায়াত সমস্যার কারণে নিয়মিত স্কুলে আসতে পারে না। এই বিনামূল্যে সাইকেল প্রকল্প ছাত্রছাত্রীদের সেই সমস্যা অনেকাংশে দূর করবে এবং তাদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনও এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করে বলেন, “এই উদ্যোগ শুধু ছাত্রছাত্রীদের স্কুলে আসা সহজ করবে না, বরং তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে। বিশেষ করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের হাতে মোট ১৮৫টি সাইকেল তুলে দেওয়া হয়।



