বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : কুমারঘাটের অসম-আগরতলা জাতীয় সড়কের সিদংছড়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। লরি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী লরি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাতে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সাথে সাথে দমকলবাহিনী ও পুলিশকে খবর দিয়েছেন এলাকাবাসী। দমকলকর্মীরা আহতদের তৎক্ষণাত স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজন চিকিৎসাধীন।
ওই দুর্ঘটনায় নিহতরা হলেন ভাস্কর গোস্বামী (৪৫), বাড়ি উত্তর পাবিয়াছড়া। তিনি অটোচালক। কাঞ্চনা চাকমা (৫৫), হরিশংকর দেবতাতা (৫২) এবং গরিমিলি চাকমা। ওই ঘটনায় আহতরা হলেন যাত্রাপথি চাকমা (৪২) এবং মায়ারানি দেবনাথ (৫৫)। তাঁদের কৈলাসহর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বহি:রাজ্যের শিলচরে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিচালক দুর্ঘটনার পরে পালিয়ে গেছেন। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।



