দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : উধারবন্দের শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্রে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসব পালিত হয়েছে। উৎসব কমিটির উদ্যোগে দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম হয়।
মঙ্গলবার বিকেল ৩টায় মাতৃসম্মেলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর সমবেত বিনতী প্রার্থনা, প্রণাম, নামজপ, ধর্মগ্রন্থ পাঠ ও সন্ধ্যায় সৎসঙ্গ অনুষ্ঠিত হয়।
বুধবার ব্রাহ্মমুহূর্তে নহবৎ, উষাকীর্তন, সমবেত প্রার্থনা, নামজপ ও গ্রন্থপাঠের আয়োজন করা হয়। সকাল ৭টা ৫ মিনিটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জন্মলগ্ন ঘোষণা করা হয়। পরে সঙ্গীতাঞ্জলি, স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ এবং শিলচরের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়। পৃতিবিন্ধু রায় বাউলের বাউল গান বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। বিকেল ৩টা ৫০ মিনিটে ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সৎদীক্ষা গ্রহণের পর তাঁদের জীবনে আসা বিভিন্ন পরিবর্তন ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সন্ধ্যায় সৎসঙ্গ ও নামসংকীর্তনের মধ্য দিয়ে দু’দিনের উৎসবের সমাপ্তি ঘটে।
উৎসবে অংশ নেওয়া প্রায় পাঁচ হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। একই উপলক্ষে উধারবন্দ সৎসঙ্গ কেন্দ্র মন্দির ও মধুরা প্রার্থনাগৃহেও দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



