পুরোনো পেনশন ব্যবস্থার পুনর্বহালের দাবিতে বিক্ষোভ শিলচর জেলা কর্মচারী পরিষদের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : সদৌ অসম কর্মচারী পরিষদের নির্দেশে শিলচর জেলা কর্মচারী পরিষদের নেতৃত্বে জেলার শিক্ষক, কর্মচারী ও অধিকারীগণ শুক্রবার ক্ষুদিরাম বসুর পাদদেশে পুরোনো পেনশন ব্যবস্থা (ওপিএস) পুনর্বহালের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। এনপিএস ও ইউপিএস ব্যবস্থা প্রত্যাহার করে ওপিএস পুনঃপ্রবর্তনের জন্য স্মারকপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।বক্তব্য রাখতে গিয়ে পরিষদের নেতারা জানান, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি পুরোনো পেনশন ব্যবস্থা বিলুপ্ত করে জাতীয় পেনশন ব্যবস্থা (এনপিএস) চালু এবং সম্প্রতি প্রবর্তিত একত্রিত পেনশন ব্যবস্থা (ইউপিএস) রাজ্য কর্মচারীদের অবসরকালীন জীবন সুরক্ষিত করতে পারবে না। অবসরের পর বৃদ্ধ বয়সে পরিবারের ভরণ, চিকিৎসা ও সন্তানের পড়াশোনার খরচ বহন করা কঠিন হবে এই ব্যবস্থায়। চাকরির সময় সরকারের দেওয়া সুযোগ-সুবিধার পরিবর্তে বৃদ্ধাবস্থায় কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে পড়ছেন, যা মানবতার পরিপন্থী।

কর্মচারী-শ্রমিক-শিক্ষক-অধিকারীগণ একত্রিত হয়ে এনপিএস ও ইউপিএস প্রত্যাহার করে ওপিএস পুনর্বহালের বিনম্র দাবি জানিয়েছে। এদিন উপস্থিত ছিলেন নবেন্দু সিংহ, সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ অর্পিতা ভট্টাচার্য সহ অসংখ্য কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *