মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ মে : আসাম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার ব্যস্ততার মাঝেই এক ভিন্ন আবহের সাক্ষী থাকল করিমগঞ্জ কলেজের গণনা কেন্দ্র। সোমবার দুপুরে ভোট গণনার উত্তেজনার মধ্যেই পাথারকান্দি বিধানসভার বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হঠাৎ করেই উপস্থিত হন মিডিয়া সেন্টারে। তাঁর এই আকস্মিক আগমনে মুহূর্তেই বদলে যায় পরিবেশ, আনুষ্ঠানিকতার গাম্ভীর্যকে ছাপিয়ে উঠে আসে আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহ।
দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে মিডিয়া সেন্টারে পৌঁছে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এরপরই শুরু হয় এক প্রাণখোলা আলাপচারিতা। গণনার চাপ ও রাজনৈতিক উত্তেজনার মাঝেও এই সাক্ষাৎ যেন এক স্বস্তির পরশ এনে দেয়।
মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে নির্বাচনী গণনার অগ্রগতি, প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা, স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি এবং দায়িত্বশীলতার বার্তাও তুলে ধরেন তিনি।
এই সাক্ষাতের বিশেষ দিক ছিল তার সহজ-সরল উপস্থাপনা। কোনও আনুষ্ঠানিক দূরত্ব না রেখে তিনি সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটান, প্রশ্নের জবাব দেন ধৈর্যের সঙ্গে। মাঝে মাঝে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করে আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলেন।
উপস্থিত সাংবাদিকরাও এই সুযোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। ফলে একদিকে যেমন তথ্যের আদান-প্রদান হয়, অন্যদিকে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা আরও মজবুত হয়। দিনভর ভোট গণনার চাপের মাঝেও এই ধরনের মুহূর্ত উপস্থিত সকলের মধ্যে নতুন উদ্যম যোগায়। সাংবাদিক মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন ইতিবাচক যোগাযোগ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



