বিধ্বস্ত বিমান : সংসদ সদস্যসহ সব আরোহীর মৃত্যু

২৯ জানুয়ারি : দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার সীমান্তবর্তী অঞ্চলে গত বুধবার একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ায় বিমানে থাকা ১৫ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। এতে রয়েছেন কলম্বিয়ার নিম্নকক্ষের সংসদ সদস্য দিওহেনেস কুইন্তেরোসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিমান কর্মী।

একই দিনে বিষয়টি আলজাজিরা ও কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তারা জানায়, ভেনেজুয়েলার সীমান্তবর্তী মাঠে বিধ্বস্ত বিমানটিতে করে কেউ বেঁচে ফেরেনি এবং এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঘটনা সম্পর্কে পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বিমান সংস্থা সাতেনা পরিচালিত ওই ফ্লাইটে থাকা সব যাত্রী ও ক্রু প্রাণ হারিয়েছেন। দেশ আজ শোকে স্তব্ধ।

বিমানটি কলম্বিয়ার উত্তর সান্তান্দার বিভাগের কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশে ভোরে রওনা হয়েছিল। বিমানটিকে গন্তব্যে পৌঁছানোর প্রায় ১১ মিনিট আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। শেষ পর্যায়ে বিমানটি হঠাৎ করে উচ্চতা কমাতে শুরু করে, এ বিষয়টি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল পর্যায় পর্যবেক্ষিত হয়েছে।

এদিকে, কলম্বিয়ার পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোহাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ পরিস্থিতি যে কোনো পরিবারের জন্যই অত্যন্ত কষ্টকর। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু করেছি। রাষ্ট্রের পক্ষ থেকে সব প্রয়োজনীয় প্রোটোকল ও প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং দায়িত্বশীল তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *