বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : জ্যোতির্বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ আইআইআইটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক পবন চক্রবর্তী।
শুরুতে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক হিমাদ্রি শেখর দাস অধ্যাপক চক্রবর্তীকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। প্রারম্ভিক বক্তব্যে তিনি জানান, অধ্যাপক চক্রবর্তী ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের একটা সুসম্পর্ক রয়েছে।

বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক চক্রবর্তী জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বিশেষত বৃহৎ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণে এআই-এর ভূমিকার ওপর আলোকপাত করেন। পাশাপাশি তিনি অন্যান্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে এআই-এর ক্রমবর্ধমান ব্যবহারের কথাও তুলে ধরেন এবং এর আন্তঃবিষয়ক গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এদিনের অনুষ্ঠানে অধ্যাপক অশোক কুমার সেন, অধ্যাপক অত্রি দেশমুখ্য, অধ্যাপক বি ইন্দ্রজিৎ শর্মা, ড. উৎপল সরকার, ড. বিধান মহন্ত, ড. স্বর্ণদীপ বিশ্বাস ও ড. মহানন্দ বড়ো সহ প্রায় শতাধিক শিক্ষার্থী ও গবেষক অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্চালি নাথ মজুমদার ও ডেইটি বসুমাতারি।



