২৮ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের গন্দরবাল জেলার সোনমার্গের সারবাল এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি ভয়াবহ তুষারধস নেমে আসে। প্রবল শক্তিতে পাহাড় থেকে নেমে আসা বরফের ঢলে একাধিক বাড়ি, হোটেল ও যানবাহন ঢেকে যায়। তবে এত বড় ঘটনার পরও স্বস্তির খবর—এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা ১২ মিনিট নাগাদ জনপ্রিয় পর্যটনকেন্দ্র সোনামার্গে এই তুষারধস আছড়ে পড়ে। পাহাড়ের ওপর থেকে বিপুল পরিমাণ বরফ নেমে এসে আশপাশের এলাকা ও হোটেলের দিকে ধেয়ে যায়। ঘটনার সময় অনেক এলাকাই ঘন তুষারপাতের কারণে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুহূর্তের মধ্যে বরফের স্রোত এগিয়ে এসে তার পথে থাকা ভবনগুলিকে ঢেকে ফেলছে। দৃশ্যটি আতঙ্কজনক হলেও প্রশাসন জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা এবং আগাম সতর্কবার্তার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কর্মকর্তারা বারবার জানিয়েছেন, “এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।”
মঙ্গলবার রাত ঠিক ১০টা ১২ মিনিটে তুষারধসটি নেমে আসে (massive avalanche in Sonmarg)। সোনমার্গ এলাকায় তুষারধসের মুহূর্তটি নিকটবর্তী একটি সিসিটিভি-তে ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, পাহাড়ের মাথা থেকে ধেয়ে আসা বিশাল বরফঝড় কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়ি, হোটেল ও গাড়িকে ঢেকে ফেলেছে। বাসিন্দা ও পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন তাঁদের আশ্বস্ত করে দ্রুত এলাকায় অভিযান শুরু করে।



