শুল্কযুদ্ধের মাঝেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, কূটনৈতিক মহলে চাঞ্চল্য

২৭ জানুয়ারি : শুল্কযুদ্ধ ও মার্কিন আগ্রাসনের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত। মঙ্গলবার সকালে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়েনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক বিশাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাকে বিশ্ব ‘মাদার অফ অল ডিলস’ বলে উল্লেখ করছে। এই চুক্তি ভারত ও ইউরোপের নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে অংশীদারিত্বের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।” তিনি আরও জানান, এই অংশীদারিত্ব বিশ্ব মোট জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করবে।

কূটনৈতিক মহলের মতে, এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্র কার্যত একঘরে হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ভারত ও ইউরোপের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩৫ বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, এই নতুন চুক্তি মার্কিন নির্ভরতা কমিয়ে ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য আরও বিস্তৃত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *