২৬ জানুয়ারি : ৭৭তম সাধারণতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় যুদ্ধ স্মারকে শহিদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এরপর তিনি অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে কর্তব্য পথের স্যালুটিং ডায়াসে পৌঁছন।

এ বছর সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঐতিহ্যবাহী বাগিতে চড়ে তাঁরা কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
এ দিকে, দেশবাসীকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নাগরিকদের ‘বিকশিত ভারত’-এর প্রতি তাঁদের অঙ্গীকার নতুন করে ঝালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের গর্ব ও সম্মানের প্রতীক এই জাতীয় উৎসবটি নতুন শক্তি ও উৎসাহ সঞ্চার করবে, বিকশিত ভারতের সংকল্পকে শক্তিশালী করবে।’



