বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : কাছাড় জেলায় প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করে। প্রতিনিধি দল অভিযোগ করে, যাচাই-বাছাই ছাড়াই প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক উদ্বেগজনক।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব স্পষ্ট ভাষায় বলেন, “যাচাই ছাড়া কোনও প্রকৃত নাগরিককে হেনস্থা করা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।” তিনি BLO (বুথ লেভেল অফিসার)-দের উদ্দেশে সংবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। জেলা নির্বাচন আধিকারিক প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে জানান, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেই Special Revision (এসআর) কার্যক্রম পরিচালিত হবে এবং কোনও প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হবে না।
এদিকে সুস্মিতা দেব কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইচ্ছাকৃতভাবে ভোটার ডিলিশনের চেষ্টা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়ের করে দোষীদের জেল হাজতে পাঠানো হবে। কাছাড়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্ক সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এখন দেখার, প্রশাসন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।



