ধলাই আসন পুনরুদ্ধারে কংগ্রেসের তৎপরতা, ব্যাপক জনসংযোগ

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : ধলাই বিধানসভা আসন পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিকে আরও জোরদার করেছে কংগ্রেস নেতৃত্ব। গ্রাম থেকে গ্রাম ও পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে পৌঁছে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন দলের নেতা-কর্মীরা।

এই কর্মসূচির অংশ হিসেবে ধলাই ও জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতে একাধিক সভা ও সমিতির আয়োজন করে কংগ্রেস। সভাগুলিতে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিতসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সভায় ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে ধলাই বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক ও জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে, সভাগুলিতে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র ভরসা। সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তর থেকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামী দিনগুলিতেও ধলাই বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েতে ধারাবাহিকভাবে জনসংযোগ কর্মসূচি ও সভা-সমিতির আয়োজন করা হবে। দলের নেতৃত্বের আশা, এই জোরালো প্রচারের মাধ্যমে ধলাই বিধানসভায় আবারও কংগ্রেসের পতাকা উড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *