দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ নরসিংহপুর জিপির নরসিংহপুর ২য় খণ্ড এলাকায়এক বছর ধরে পানীয়জল সঙ্কটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে রবিবার সকালে পানীয়জল প্রকল্পে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মহিলারা।
তাঁদের অভিযোগ, প্রায় এক বছর আগে এনএইচআইডিসিএল ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ বাজার এলাকায় নালা নির্মাণের সময় নরসিংহপুর ২য় খণ্ডের পানীয়জল প্রকল্পের জল সরবরাহের পাইপ ভেঙে দেওয়া হয়। এরপর থেকেই ওই এলাকার বহু পরিবার সম্পূর্ণভাবে পানীয় জল থেকে বঞ্চিত হয়ে রয়েছেন।
এলাকাবাসী জানান, বিষয়টি একাধিকবার স্থানীয় বিধায়ক নীহাররঞ্জন দাস সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের জানানো হলেও আজ পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, পানীয়জল প্রকল্পে তালা ঝুলানোর ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ অনুযায়ী, বর্তমানে যারা এই প্রকল্প থেকে পানীয়জল পাচ্ছেন এবং যারা দীর্ঘদিন ধরে জলবঞ্চিত—এই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে জানান, অতিসত্বর ভাঙা পাইপ মেরামত করে পানীয়জল সরবরাহ স্বাভাবিক না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন এবং প্রয়োজনে প্রকল্পে ভাঙচুর চালাতে বাধ্য হবেন।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছেন দক্ষিণ নরসিংহপুর জিপি সভানেত্রীর স্বামী এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অনড় বিক্ষুব্ধ মহিলারা।



