বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ধলাইবাসীকে ২০২৬ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মঙ্গলবার ধলাই কেন্দ্রের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ও তিন মণ্ডলের দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ধলাই বাজারের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও পদযাত্রায় সামিল হয়ে রীতিমত শক্তি প্রদর্শন করলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। এদিন সকালে ধলাই বাজারস্থিত ধলাই-নরসিংহপুর মণ্ডল কার্য্যালয় থেকে সহস্রাধিক দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোটা ধলাই বাজার চষে বেড়ান বিধায়ক ও তার অনুগামীরা এবং ধলাইবাসীকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নববর্ষের সূচনালগ্নে বাজারে আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেন বিধায়ক নীহাররঞ্জন দাস ও তার অনুগামীরা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিধায়ক নীহার।
পরে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বিধায়ক নীহাররঞ্জন দাসের উন্নয়নমূলক কর্মযজ্ঞের উচ্চ প্রশংসা করেন। মাত্র এক বছরের কার্য্যকালে বর্তমান বিধায়ক মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে এক নজির সৃষ্টি করেছেন এবং সমষ্টির উন্নয়নে যেভাবে নিরলস ভাবে কাজ করে চলেছেন তা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে বলে মত ব্যক্ত করেন বিভিন্ন বক্তা। সবাই একবাক্যে ২০২৬ সালে নীহাররঞ্জন দাসকে পুনরায় দলীয় মনোনয়ন প্রদানের জন্য দলের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ রাজ্যের মূখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মার দৃষ্টি আকর্ষণ করেন। নীহার রঞ্জন দাস এবার কম করেও পঞ্চাশ হাজারেরও অধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। এদিন শুরু থেকে শেষ অবধি গোটা পদযাত্রা নীহাররঞ্জন দাস জিন্দাবাদ, নীহাররঞ্জন দাস আগে বাড়ো হাম তুমারা সাথ হ্যায় ধ্বণিতে মূখরিত হয়ে উঠে।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দলের ধলাই-নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী, বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ ও স্বপন কুমার দাস, আইরংমারা সোনাছড়া জিলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারী, কৃষক মোর্চার কাছাড় জেলা সম্পাদক অমলেন্দু দাশ, ধলাই কেন্দ্রের বিএলএ-১ সুশান্ত গুপ্ত সহ অন্যান্যরা।
এদিন নিজের বক্তব্যে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে তিনি ভবিষ্যতেও ধলাই বিধানসভা সমষ্টির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন। বিধায়ক বলেন, নববর্ষ উপলক্ষে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি ধলাই বাজারে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন বছরের আনন্দকে আরও গভীরভাবে ছড়িয়ে দিয়েছে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই-নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাশ, বড়জালেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বুল্টি দেব, পালংঘাট ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মীনারানি রায়, ধলাই-নরসিংপুর মণ্ডল বিজেপির দুই সাধারণ সম্পাদক রুক্ষিণীকুমার সিনহা ও পৃথীশ চন্দ্র দাস, পালংঘাট মণ্ডলের সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে অজয়কৃষ্ণ দেব ও দীপক রায়, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির দুই সাধারণ সম্পাদক সুপায়ন চৌধুরী ও সুদীপ কুমার, বিজেপির পালংঘাট মণ্ডলের প্রাক্তন সভাপতি সোমেন দাস, আমড়াঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশ পাল, জেলা কার্য্যনির্বাহক সদস্য বিভাষরঞ্জন দেব, কৃষক মোর্চার জেলা কমিটির উপ-সভাপতি হরিপদ রাহা, বরিষ্ঠ কর্মকর্তা ওমকার তেওয়ারি প্রমুখ। এছাড়াও তিন মণ্ডলের ৯৫ শতাংশ পদাধিকারী সদস্য, তিন মণ্ডলের আটটি করে মোর্চা কমিটির চব্বিশ জন সভাপতি, ২৯ টি জিপির মধ্যে ২৬ জন জিপি সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ২৬ এর মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। এছাড়াও ধলাই কেন্দ্র থেকে জেলা কমিটির বিভিন্ন মোর্চার দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, শক্তিকেন্দ্র প্রমুখ, পঞ্চায়েত সদস্য, বুথ স্তরের কর্মকর্তাবৃন্দ সহ বহু দলীয় শুভাকাঙ্খী এদিনের পদযাত্রায় সামিল হয়েছেন। এককথায় আজকের এই পদযাত্রার মাধ্যমে ধলাইর বিজেপি কর্মকর্তারা দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন তারা কেবল নীহাররঞ্জন দাসকে ২০২৬ বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে দেখতে অতি আগ্রহের সহিত অপেক্ষা করছেন।



