অবিরাম বৃষ্টিতেও থামেনি প্রতিবাদ, বিকাশ ধর হত্যার বিচার চেয়ে আছিমগঞ্জে মৌন মিছিল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে বিকাশ ধর হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে আছিমগঞ্জে অনুষ্ঠিত হল বৃহৎ মৌন মিছিল। মঙ্গলবার সন্ধ্যায় আমসু, আছিমগঞ্জ মার্কেট কমিটি ও কানাইনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে নীরব পদযাত্রার মাধ্যমে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

প্রবল বৃষ্টির মধ্যেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আছিমগঞ্জের রাজপথ কার্যত প্রতিবাদের কেন্দ্রে পরিণত হয়। স্লোগানের পরিবর্তে নীরব পদযাত্রার মধ্য দিয়ে শোক ও ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তাঁদের বক্তব্য, শুধু তদন্তের আশ্বাসে নয়, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে, নিহত বিকাশ ধরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আছিমগঞ্জ মার্কেটের ব্যবসায়ীরাও বিশেষ কর্মসূচি পালন করেন। প্রায় ১৫ মিনিট মার্কেট এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে নীরব শোক পালন করা হয়। অন্ধকারে ব্যবসায়ীদের এই প্রতীকী কর্মসূচি উপস্থিত মানুষের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।

মৌন মিছিলে নেতৃত্ব দেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার, আছিমগঞ্জ মার্কেট কমিটির সভাপতি শ্রীকান্ত দে, তপন দে, মানিক মালাকার, ওয়ার্ড সদস্য প্রসেনজিৎ দেবনাথ, কাজী খয়রুল হক, চিকিৎসক আব্দুল বাছিত-সহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।

কাজি সাদিক আখতার বলেন, বিকাশ ধর হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তিনি শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আইনসম্মত পথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। প্রবল বৃষ্টির মধ্যেও মানুষের উপস্থিতি স্পষ্ট করে দেয়, বিকাশ ধর হত্যার ন্যায়বিচারের দাবি এখন বৃহত্তর জনদাবিতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *