সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির সম্প্রীতির পুরস্কার বিতরণ সেরা দুর্গাপূজা ও কালীপূজা কমিটিকে সম্মাননা প্রদান

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর: প্রতি বছরের মতো এবারও সোনাই শহরের সেরা দুর্গাপূজা ও কালীপূজা কমিটিগুলিকে সম্প্রীতির পুরস্কার প্রদান করল সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি। রবিবার দুপুর ২টায় সোনাই ১৮২ নম্বর মডেল প্রাইমারি স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে সোনাই শহরের বিভিন্ন দিক বিবেচনা করে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা ও সেরা শৃঙ্খলার ভিত্তিতে নির্বাচিত পূজা কমিটিগুলির হাতে এই সম্প্রীতির পুরস্কার তুলে দেওয়া হয়।

দুর্গাপূজা বিভাগে প্রথম পুরস্কার লাভ করেছে সোনাই বাজারের প্রাচীন শ্রীশ্রী নরসিংহ গোবিন্দজি আখড়া দুর্গাপূজা কমিটি। দ্বিতীয় পুরস্কার যৌথভাবে পেয়েছে সোনাই টাউন ক্লাব দুর্গাপূজা কমিটি ও সোনাই মাতৃ পরিষদ দুর্গাপূজা কমিটি। তৃতীয় পুরস্কার পেয়েছে সোনাই হরিজনপাড়া দুর্গাপূজা কমিটি।

অন্যদিকে, কালীপূজা বিভাগে প্রথম পুরস্কার লাভ করেছে ঐতিহ্যবাহী সোনাই শ্রীশ্রী শ্যামা কালী মন্দির কালীপূজা কমিটি। দ্বিতীয় পুরস্কার পেয়েছে সোনাই আশ্রম রোড কালীপূজা কমিটি। তৃতীয় পুরস্কার যৌথভাবে পেয়েছে তোলারগ্রাম দ্বিতীয় খণ্ড কালীপূজা কমিটি ও সোনাই বিবেকানন্দ ক্লাব কালীপূজা কমিটি।

সেরা নির্বাচিত সব পূজা কমিটির হাতে সোনাই শহরের সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী অনিমেষ রায় অলক স্মৃতি ও বিশিষ্ট শিক্ষক তথা ক্রিকেটার গৌরব রায় স্মৃতি আকর্ষণীয় ট্রফি এবং শংসাপত্র তুলে দিয়ে উৎসাহিত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির সভাপতি আশরাফ হোসেন লস্কর, সহ-সভাপতি নীহার দাস, অনুজ কুমার দাস ও মৌলানা বাবুর উদ্দিন লস্কর, কাজল শুক্লবৈদ্য এবং সহ-সাধারণ সম্পাদক তথা অনুষ্ঠানের মুখ্য ও প্রধান আয়োজক এনামুল ইসলাম লস্কর।

এদিন বিশিষ্ট কবি, গীতিকার, শিক্ষক ও সাহিত্যিক অনুজ কুমার দাসের রচিত একটি মানপত্র ও সম্মাননা স্মারক দিয়ে বিশিষ্ট সমাজসেবী ও এনামুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *