শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : রেল চলাচলে বিপর্যয়ের জেরে চরম দুর্ভোগে পড়েছেন বরাক উপত্যকার হাজার হাজার যাত্রী। শুক্রবার রাতে বান্দরখাল ও দামছড়ার মধ্যবর্তী ২০ নম্বর টানেলে একটি তেলবাহী ট্যাংকার ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ব্যাহত হয়েছে রেল পরিষেবা। এর জেরে একের পর এক যাত্রীবাহী ট্রেন লামডিংয়ে এসে যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হচ্ছে। ফলে মাঝপথেই আটকে পড়েছেন বরাক উপত্যকাগামী অসংখ্য যাত্রী।
এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হয়েছেন পাঁচগ্রামের বাসিন্দা রাহুল দেব-সহ তাঁর সঙ্গে থাকা আরও ২৪ জন। তিনি জানান, কলকাতায় বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে শনিবার লামডিংয়ে এসে আটকে পড়েন তাঁরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনও বিকল্প ব্যবস্থা না পেয়ে বাধ্য হয়ে সড়কপথে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন রাহুল। এ জন্য একাংশ বাসের চালকের সঙ্গে যোগাযোগ করলে জনপ্রতি ১,৫০০ টাকা ভাড়া দাবি করা হয় বলে অভিযোগ। ২৪ জনের হিসেবে প্রায় ৩৬ হাজার টাকা হবে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রেল বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন রাহুল দেব। তাঁর বক্তব্য, এই দুর্ভোগ শুধু তাঁর এবং তাঁর সঙ্গীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। লামডিংয়ে হাজার হাজার যাত্রী একইভাবে চরম সমস্যার মুখে পড়েছেন। অথচ বিপর্যস্ত যাত্রীদের জন্য রেল বিভাগের তরফে পর্যাপ্ত বিকল্প পরিবহণ বা অন্য কোনও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ তাঁর।

অন্যদিকে, এই সুযোগে সড়কপথে যাতায়াতের জন্য অতিরিক্ত ভাড়া দাবি করা হলেও তা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনও উদ্যোগ নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেল পরিষেবা বিপর্যয়ের জেরে নারী, শিশু, প্রবীণ-সহ বহু যাত্রী অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন। কখন স্বাভাবিক হবে ট্রেন চলাচল, কীভাবে গন্তব্যে পৌঁছাবেন – তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
এমন পরিস্থিতিতে রেল বিভাগ ও জেলা প্রশাসনের কাছে দ্রুত উদ্ধার ও মেরামতির কাজ সম্পন্ন করার পাশাপাশি আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহণ, পানীয় জল, খাবার এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার দাবি উঠেছে। পাশাপাশি সড়কপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



