তাসখন্দে কিকবক্সিং বিশ্বকাপে আরাধ্যার নজরকাড়া সাফল্য, ঝুলিতে ৪ পদক

Spread the news

১৮ অক্টোবর : উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত কিকবক্সিং বিশ্বকাপে নজরকাড়া সাফল্য অর্জন করল দুর্গাপুরের দশ বছরের খুদে প্রতিভা আরাধ্যা ধীবর। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে ইয়াঙ্গার বিভাগে মোট চারটি পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে সে। ছয়টি ইভেন্টে অংশ নিয়ে একটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে আরাধ্যা।

প্রায় ৫০টি দেশের তিন হাজারেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই বিশ্বকাপে আরাধ্যার সাফল্যে গর্বিত দুর্গাপুরবাসী। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই চালিয়ে যায় এই খুদে অ্যাথলিট। তার পাশে দাঁড়ায় স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সমাজসেবীরা। কোচ ঈশ্বর মাঝির বিশেষ প্রশিক্ষণে নিজেকে প্রস্তুত করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করে আরাধ্যা।

মেয়ের এই কৃতিত্বে উচ্ছ্বসিত বাবা চিরঞ্জিত ধীবর ও মা কাকলি ধীবর। আগামী দিনে আরাধ্যার প্রশিক্ষণ ও ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির জন্য সরকারি এবং করপোরেট সংস্থাগুলির সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া ফোন করে আরাধ্যাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই উৎসাহকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখল দুর্গাপুরের এই খুদে অ্যাথলিট। আরাধ্যার এই সাফল্যে খুশির আবহ ইস্পাত নগরীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *