আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, প্রাণ গেল ৬ পড়ুয়ার

Spread the news

২৮ নভেম্বর : স্কুলের পাশের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ৬ পড়ুয়ার। আহত হয়েছেন আরও ৯৭ জন। শনিবার সকালে আফগানিস্তানের (Afganistan) পূর্বাঞ্চলের কুনার প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি মাধ্যমিক স্কুলের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। ওই বাড়িতে খনির কাজে ব্যবহারের জন্য মজুত করে রাখা হয়েছিল ডিনামাইট। প্রাথমিকভাবে অনুমান, সেই বিস্ফোরক থেকেই দুর্ঘটনা ঘটেছে।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল জাজিরাকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭ জন। তবে এই পরিসংখ্যান প্রাথমিক। উদ্ধার ও চিকিৎসার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে বা পরিবর্তিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ১০টা নাগাদ কুনার প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক স্কুলের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা মাওলভি সামি-উল-হক জানিয়েছেন, বাড়িটি খনির কাজে যুক্ত কয়েকজনের ছিল। সেখানে তাঁরা ডিনামাইট মজুত করে রেখেছিলেন। তবে কীভাবে বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পরই তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের প্রশাসন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *