বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শাস্ত্রীয় সংগীত, তবলা ও সন্তুরের সুরেলা মূর্ছনায় মুগ্ধ হলেন শিলচরের সংগীতপ্রেমীরা। ‘তাল মন্দির’-এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে শিলচর শহরের বঙ্গভবনে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় সমবেত তবলা, শাস্ত্রীয় সংগীত, সেতার বাদন, নৃত্য ও সন্তুরের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রদীপ প্রজ্বলন ও গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মন্টি পাল দত্ত গণেশ বন্দনা পরিবেশন করেন। প্রদীপ প্রজ্বলনে অংশ নেন বাসুদেব ভট্টাচার্য, নিবেদিতা ভট্টাচার্য, সঞ্জয় ভট্টাচার্য, সমরবিজয় চক্রবর্তী, নন্দিনী চক্রবর্তী ও সাবিত্রী ভট্টাচার্য। এরপর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিল্পী ও সংগীতজ্ঞদের সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন প্রবীণ তবলাবাদক দীপকরঞ্জন বক্সী, নিলয়কান্তি দত্ত, সঞ্জয় প্রকাশ দাস, শাস্ত্রীয় সংগীতশিল্পী অমরেন্দ্র চক্রবর্তী, তবলাবাদক কমলেশ সেন, তপোজিত চক্রবর্তী, বিকাশ চক্রবর্তী, জয়া মিশ্র, শুভ্রজিত কর, অনুপম মণ্ডল ও বিশিষ্ট সংগঠক প্রসেনজিৎ চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক বিভাকর চৌধুরী ও শিলচর শহরের বিশিষ্ট সেতার বাদক রাজশ্রী ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ৫০ জন শিক্ষার্থীকে আটটি দলে ভাগ করে ত্রিতাল ও ঝাঁপতালের ওপর সমবেত তবলা লহরা পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের ছন্দময় ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। এরপর গুরুকুল পরম্পরা ফাউন্ডেশনের ছাত্রছাত্রীদের সমবেত শাস্ত্রীয় পরিবেশনা, শিল্পী চৌধুরীর সেতার বাদন (তবলা সংগতে সুভাশিস চৌধুরী) এবং পম্পী চক্রবর্তীর দুটি রাগাশ্রিত গানের সঙ্গে নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে।

সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল অতিথি শিল্পী আয়ুষ লালার সন্তুর বাদন এবং তাল মন্দিরের অধ্যক্ষ সমুজ্জ্বল ভট্টাচার্যের তবলা সংগত। তাঁদের যুগলবন্দিতে প্রেক্ষাগৃহে এক অপূর্ব আবহ তৈরি হয়। আয়োজকদের মতে, শিলচরে দীর্ঘদিন পর সন্তুর ও তবলার এমন পরিবেশনা সংগীতপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে অতিথি শিল্পী আয়ুষ লালার হাত দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হয়। সমাপ্তি বক্তব্যে অধ্যক্ষ সমুজ্জ্বল ভট্টাচার্য উপস্থিত অতিথি, শিল্পী, শিক্ষার্থী, সাংবাদিক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। শহরের সাংস্কৃতিক মহলে শাস্ত্রীয় সংগীত ও তালবাদ্যের চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ প্রশংসা কুড়িয়েছে।



