বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : অসমে স্থাপন করা হবে দুটি অত্যাধুনিক বৃহৎ ডাটা সেন্টার। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বুধবার অসম সরকার ও ভারতী এয়ারটেল লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বুজাবুঝি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জানা গিয়েছে, ডাটা সেন্টার দুটি স্থাপন করা হবে যোরহাট ও শিলচরে। এই দুই প্রকল্পে মোট ৪৫৫ কোটি টাকা বিনিয়োগ করবে ভারতী এয়ারটেল। ডাটা সেন্টার দুটির সম্মিলিত ক্ষমতা হবে প্রায় ২৫ মেগাওয়াট।
এই চুক্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, দুটি অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপনের লক্ষ্যে অসম সরকার ও ভারতী এয়ারটেলের মধ্যে সম্পাদিত এই বুজাবুঝি রাজ্যের ডিজিটাল অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, যা অসমের অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আধুনিক ডিজিটাল অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে ডাটা সেন্টার। অসমকে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অসম শুধু ডিজিটাল পরিষেবার ব্যবহারকারী হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতেও সক্রিয় অবদান রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, অসমের ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ রাজ্যটিকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ডিজিটাল পরিকাঠামোর অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
যোরহাট ও শিলচরে এই দুটি ডাটা সেন্টার স্থাপিত হলে রাজ্যের ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ ও অর্থনৈতিক বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।



