বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : জমে থাকা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল মাত্র দুই বছর এক মাস বয়সি এক শিশুর। মৃত শিশুর নাম লালরিন্দিকা। সে লালছুয়ানলিয়ানার ছেলে। জানা গেছে, রবিবার বিকেল প্রায় ৩টা নাগাদ মিজোরামের হুয়ালতু গ্রামে নিজের বাড়ির কাছেই নির্মীয়মাণ সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের জন্য খোঁড়া বালির গর্তে জমে থাকা জলে পড়ে যায় শিশুটি। পরে সেখান থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। আগামীকাল শিশুটির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে ছোট লালরিন্দিকা তার বছর চারেকের দাদার সঙ্গে খেলতে খেলতে চার্চ নির্মাণের জন্য ঘেরা জায়গার ভিতরে ঢুকে পড়ে। খেলতে গিয়ে কোনওভাবে শিশুটি জলভর্তি গর্তে পড়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

এদিকে, শিশুটির দাদার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী এক মহিলা ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে লালরিন্দিকা জলে ডুবে নিথর হয়ে পড়েছিল। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে (সাব-সেন্টার) নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



