কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : মাত্র এক মাস পাঁচ দিনের দুধের শিশুকে হত্যার পর নদীর পাড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে জয়পুর থানা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর শনিবার বিকেলে নদীর পাড় থেকে শিশুটির দেহের কিছু অংশ ও হাড়গোড় উদ্ধার করা হয়।
জানা গেছে, জয়পুরের বাসিন্দা দেবাশিস সিং ছেত্রী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। শিলচরের এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে রয়েছে তিন বছরের একটি কন্যাসন্তান এবং এক মাস পাঁচ দিনের আরও একটি শিশু। বাড়ির পাশেই পৃথকভাবে থাকেন দেবাশিসের বাবা অরুন সিং ছেত্রী ও মা।

অভিযোগ, প্রায় এক সপ্তাহ আগে ছোট মেয়েকে নিয়ে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান দেবাশিসের স্ত্রী। বাড়িতে এসে অরুন সিং ছেত্রী কেবল তিন বছরের নাতনিকে দেখতে পান। বউমা ও ছোট নাতনির কোনও সন্ধান না পেয়ে তিনি বিষয়টি ভিনরাজ্যে থাকা ছেলে দেবাশিসকে জানান। পাশাপাশি জয়পুর থানাকেও মৌখিকভাবে অবগত করেন।
সূত্রের খবর, পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে জানতে পারে, ওই মহিলা ট্রেনে করে ভিনরাজ্যে চলে গিয়েছেন। এদিকে, হোয়াটসঅ্যাপ কথোপকথনে স্বামী দেবাশিসের কাছে ছোট মেয়েকে হত্যা করে নদীর পাড়ে ফেলে আসার কথা স্বীকার করেছেন বলে অভিযোগ।

এই খবর পেয়ে পরিবারের লোকজন নদীর পাড়ে তল্লাশি চালালেও প্রথমে শিশুটির কোনও সন্ধান মেলেনি। অবশেষে শনিবার বিকেলে অরুন সিং ছেত্রী গৃহপালিত পশু খুঁজতে গিয়ে নদীর পাড়ে শিশুটির দেহের কিছু অংশ ও হাড়গোড় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়পুর থানায়।
রাতে দেহাংশগুলি উদ্ধার করা সম্ভব না হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পাহারার ব্যবস্থা করে। রবিবার সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শিশুটির দেহের কিছু অংশ বন্যপ্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

এদিকে, অভিযুক্ত মহিলা বেঙ্গালুরুতে রয়েছেন এবং সেখানে সামাজিক মাধ্যমে রিল তৈরি করছেন বলে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ আরও বাড়ে। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযোগগুলির সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।



