রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল তিন পরিবারের বসতবাড়ি। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ যাবতীয় মূল্যবান সামগ্রী। এমনকি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বেশ কিছু গৃহপালিত হাঁস-মুরগিরও। প্রাথমিক অনুমান, এই ঘটনায় প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের জয়ধরপুর ও হাওয়াইথাং গ্রামের সীমান্তবর্তী হাওয়াইথাং এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আফতাব আলি লস্কর ও আনার উদ্দিন লস্করের বসতবাড়িতে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। আগুনের তীব্রতায় ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। নগদ অর্থও আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আফতাব আলি লস্কর।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের পুলিশকর্মীরা। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠে দমকল বাহিনী। তবে বাড়িতে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে পাম্পের সাহায্যে জল সরবরাহ করে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাবও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার সম্পত্তি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এক রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত তিন পরিবারের সদস্যরা। সাজানো সংসার, ঘরের যাবতীয় সামগ্রী এবং সঞ্চিত অর্থ হারিয়ে এখন কার্যত দিশেহারা তাঁরা। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।



