
মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার হিলাড়া রেলগেটে একটি টিপার বিকল হয়ে পড়ায় প্রায় ৪০ মিনিট আটকে রইল আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে ব্যাহত হয় রেল চলাচল। চরম দুর্ভোগের মুখে পড়েন ট্রেনের যাত্রীরা।
জানা গেছে, সকাল আনুমানিক ১১টা নাগাদ হিলাড়া রেলগেটের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকল হয়ে পড়ে টিপারটি। এর ফলে রেললাইনের উপর আটকে যায় যানবাহনটি। একই সময়ে আগরতলা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করা ১২৫০৪ নম্বর হামসফর এক্সপ্রেস রেলগেটের আগে আটকে পড়ে।

বিকল টিপারটিকে রেললাইনের উপর থেকে সরানোর জন্য প্রথমে চারটি পৃথক টিপারের সাহায্যে চেষ্টা চালানো হয়। কিন্তু একাধিক প্রচেষ্টা সত্ত্বেও সেটিকে সরানো সম্ভব হয়নি। অবশেষে প্রায় আধঘণ্টার প্রচেষ্টার পর টিপারটিতে জ্বালানি ভরে পুনরায় চালু করা হয়। এরপর টিপারটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় হামসফর এক্সপ্রেসকে। ব্যস্ত ৬ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত রেলগেটে এ ধরনের ঘটনা ঘটায় রেল ও সড়ক যোগাযোগের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এসেছে।




