বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : আজব কাণ্ড! চলন্ত বাইক নয়, একেবারে বাইকের উপর বসেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন এক যুবক। দীর্ঘক্ষণ একই অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে। অনেকেই আশঙ্কা করেন, যুবকটি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিংবা স্ট্রোক করেছেন। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাটি বদরপুরের।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে ঘুম থেকে জাগায়। পরে তাঁর পরিচয় জানা যায়। তিনি শিলচরের দুধপাতিল এলাকার বাসিন্দা বিমল ওরাং। জাতীয় সড়কের উপর বাইকের মাথায় দীর্ঘক্ষণ মাথা রেখে ঘুমিয়ে থাকার কারণ জানতে এবং তাঁর গতিবিধি সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে অবশ্য বিষয়টি তেমন গুরুতর কিছু বলে মনে হয়নি। যুবকের বক্তব্য অনুযায়ী, ঘুম পেয়েছিল বলেই তিনি বাইকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর এই অদ্ভুত কাণ্ড ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে জাতীয় সড়কের মতো ব্যস্ত জায়গায় এভাবে বাইকের উপর ঘুমিয়ে পড়ার ঘটনায় একদিকে যেমন পথচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, অন্যদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলও দেখা দেয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই কাটে দীর্ঘক্ষণ ধরে চলা এই রহস্য।




