সাংবাদিক রতন দেবের স্ত্রী তাপসী দেবের অকাল মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : বিশিষ্ট সাংবাদিক তথা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-এর কেন্দ্রীয় সভাপতি রতন দেবের সহধর্মিনী তাপসী দেব (৪৮) অকালে প্রয়াত হলেন। শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘ বছর থেকে তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন। প্রথমে শ্রীকোণা কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত ২২ জুন তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সার্জারি বিভাগে চিকিৎসা চলাকালীন তাঁর। শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্য়াল আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

শনিবার দুপুরে শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সদস্যরা উপস্থিত থেকে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শ্মশানঘাটে উপস্থিত হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত সহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গরা রতন দেবের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর অকাল প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সমাজসেবী সহ বিভিন্ন মহল থেকে রতন দেবের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়।

এ দিকে, সাংবাদিক রতন দেবের সহধর্মিণীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক শোকবার্তায় সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক, বরাক ভ্যালি জোন, অরুণাভ চৌধুরী বলেন, তাপসী দেবের প্রয়াণের সংবাদ তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি শোকসন্তপ্ত স্বামী রতন দেব এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, প্রিয়জনের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস যেন ঈশ্বর তাঁদের দান করেন। তিনি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং সর্বশক্তিমানের কাছে শোকাহত পরিবারের জন্য শান্তি, সান্ত্বনা ও মানসিক বল প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *