দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : শ্রীভূমি-কাণ্ডের প্রায় এক মাস অতিক্রান্ত হলেও এখনও প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ তুলল নবগঠিত সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চ। ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের অবসানের দাবিতে আগামী ২৩ নভেম্বর বরাক উপত্যকাজুড়ে আয়োজিত হতে চলেছে ডিজিটাল প্রতিবাদ কর্মসূচি। সমাজকর্মী মিঠুন নাথের আহ্বানে আয়োজিত এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
শুক্রবার সংগঠনের প্রথম সাংবাদিক সম্মেলনে নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, এই প্রতিবাদ কোনও ব্যক্তি কিংবা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। বরং শ্রীভূমি-কাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে সমানভাবে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা অভিযোগ করেন, ঘটনার পর এক পক্ষের বাঙালি যুবকদের গ্রেফতার করে প্রায় ১৩ দিন কারাগারে রাখা হলেও অপর পক্ষের অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও আইনি পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এই বৈষম্যের বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছেও দাবি জানানো হয়েছিল বলে জানান তাঁরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতৃত্ব।

আগামী ২৩ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচিকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে একাধিক প্রতীকী কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবি কালো করা, কালো পোশাক ও কালো মাস্ক পরিধান, হাতে কালো ব্যাজ অথবা কালো ফিতা ধারণ। পাশাপাশি শ্রীভূমি জেলার নির্দিষ্ট স্থানে শান্তিপূর্ণভাবে কালো পতাকা উত্তোলনেরও ডাক দেওয়া হয়েছে।

সংগঠনের প্রথম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি বুদ্ধদেব চৌধুরী, সহ-সভাপতি তথা কার্যকরী সভাপতি সৌমেন চৌধুরী, কার্যকরী সভানেত্রী মৌসুমী ধর, সহ-সভাপতি পার্থ রায়, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দেব এবং যুগ্ম সম্পাদক বাপ্পা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দীক্ষিতা ভট্টাচার্য, অভিজিৎ রায় ও কৃষাণু ভট্টাচার্য।
সাংবাদিক সম্মেলন থেকে বরাক উপত্যকার সর্বস্তরের মানুষের প্রতি দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানানো হয়। সংগঠনের বক্তব্য, ন্যায়বিচারের দাবি কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়ের একার বিষয় নয়। এটি গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং ন্যায়সংগত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্ন। তাই শ্রীভূমি-কাণ্ডে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।



