ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে হাইলাকান্দিতে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বিশিষ্ট বাংলা চলচ্চিত্রকার প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার হাইলাকান্দির শ্রীকিষণ সারদা কলেজে এক মনোজ্ঞ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শিলচরের বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে হাইলাকান্দির ঋত্বিক ঘটক জন্মশতবর্ষ উদযাপন সমিতি। অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে ঋত্বিক ঘটককে নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার। পরে ঋত্বিক ঘটকের প্রতিকৃতিতে মাল্যদান করে মূল অনুষ্ঠানের সূচনা হয়। পুরবী মিশ্রের সঞ্চালনায় সুদর্শন মিউজিক একাডেমির ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে’ পরিবেশন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. অজয় রায়, শিলচরের বীক্ষণ সিনে কমিউনের সদস্য সন্দীপ আচার্য, সমিতির মুখ্য আহ্বায়ক দেবদত্ত চক্রবর্তী, সংযোজক তথা বিশিষ্ট কবি-সাহিত্যিক আশুতোষ দাস, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সহ-সভাপতি মানিক চক্রবর্তী, গোপাল দত্ত প্রমুখ।

সমিতির অন্যতম আহ্বায়ক ড. শতানন্দ ভট্টাচার্য অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বর্তমান প্রজন্মের কাছে ঋত্বিক ঘটক তেমনভাবে পরিচিত নন। তাঁর সৃষ্টিশীলতা ও চলচ্চিত্র সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার লক্ষ্যেই জন্মশতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঋত্বিক ঘটকের প্রায় প্রতিটি চলচ্চিত্রেই সমাজ ও সময়ের গুরুত্বপূর্ণ কোনো না কোনো বিষয় উঠে এসেছে। বিশেষ করে দেশভাগের পর ছিন্নমূল বাঙালির জীবনযন্ত্রণা ও অস্তিত্বের সংকট তাঁর একাধিক চলচ্চিত্রে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

আলোচনায় বক্তারা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাবনা, নির্মাণশৈলী এবং সমাজ-বাস্তবতার প্রতি তাঁর দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। ‘নাগরিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘যুক্তি তক্কো আর গপ্প’, ‘অযান্ত্রিক’, ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘সুবর্ণরেখা’-সহ তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, ঋত্বিক ঘটক ছিলেন অসামান্য প্রতিভাধর চলচ্চিত্রকার; তবে যে মাত্রায় তাঁর কাজ নতুন প্রজন্মের কাছে পরিচিত হওয়ার কথা ছিল, তা এখনও হয়ে ওঠেনি।

অনুষ্ঠানে ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ‘অযান্ত্রিক’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানান সমিতির আহ্বায়ক সুশীল পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *