শুক্রবার সকালেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওডিশা উপকূলে জারি লাল সতর্কতা

Spread the news

২০ নভেম্বর : নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়তে শুরু করল সাইক্লোন ‘আকভান’। IMD সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওডিশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে ‘আকভান’-এর ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে IMD। এর জেরে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অন্ধ্র ও ওডিশার উপকূলবর্তী অংশে। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়ের স্থলভাগে ঢোকার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর। অন্ধ্র-ওডিশা উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে ল্যান্ডফল শুরু হয়েছে। এর জেরে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে ওই দুই রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম ও ভিজিয়ানগরমের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওডিশার একাধিক জেলাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *