
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : কাজিরাঙার রঙাজানে সংঘটিত পথ দুর্ঘটনার শোক কাটতে না কাটতেই রাজ্যে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এবার মরিগাঁও জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের দুই কন্যাশিশু। গত রাতে জেলার কপাহেরা এলাকার ঘুমটি গ্রামে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। গুরুতর আহত অবস্থায় তাদের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া শিশু দু’টির বাবাও চিকিৎসাধীন রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নবজ্যোতি বরা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাতে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। রাত প্রায় ১০টা নাগাদ কপাহেরার ঘুমটি গ্রামে পৌঁছানোর পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে।
প্রচণ্ড ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নবজ্যোতি বরার দুই কন্যাসন্তানের। মৃত দুই শিশুর নাম ৯ বছর বয়সি নেহা বরা এবং মাত্র দুই মাসের হর্ষিতা বরা।

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত হন নবজ্যোতি বরার স্ত্রী জুন বরুয়া। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে নগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।



