ছোট ভাইয়ের হাতে খুন দাদা, আটক অভিযুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : দক্ষিণ ত্রিপুরার ঋষ্যমুখের মণিরামপুরে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। নিজের ছোট ভাইয়ের হাতে প্রাণ হারালেন দাদা। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত ব্যক্তির নাম যুদ্ধ মোহন ত্রিপুরা। বয়স আনুমানিক ৪২ বছর। ঘটনাটি ঘটেছে বেলোনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্যমুখ আউটপোস্ট থানার অধীন মণিরামপুর এলাকায় গত রাতে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। এই ঘটনায় মৃতের ছোট ভাই ৩৫ বছর বয়সি চেতন মোহন ত্রিপুরাকে আটক করেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ, কাঠের একটি টুকরো দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করা হলে গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলোনিয়া হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *