চুরির চেষ্টা প্রতিহত করতে গিয়ে নৃশংস হামলার শিকার, প্রাণ হারালেন এক ব্যক্তি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : একটি নৃশংস হামলায় প্রাণ হারালেন প্রায় ৬০ বছর বয়সি গুদাম বাবু। তাঁর আকস্মিক মৃত্যুতে শুধু একটি পরিবারে শোকের ছায়াই নেমে আসেনি, বরং চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে ১৪ থেকে ১৫ জন সদস্যের একটি পরিবার। পরিবারের একমাত্র প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। অভিযোগ অনুযায়ী, চুরির চেষ্টা করতে গিয়ে শাহাদত নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে গুদাম বাবুর ওপর নৃশংস হামলা চালায়। হামলায় তাঁর গলা, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে নিলামবাজার হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর বক্তব্য নেওয়া হয় বলে জানা গেছে। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।

ঘটনায় অভিযুক্ত শাহাদতকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্তের বাবা মইনুল হক একসময় বালিয়া বাজারে চায়ের ব্যবসা করতেন। শাহাদতও ওই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়। বর্তমানে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

তবে এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হলো মৃতের পরিবারের অসহায় অবস্থা। আগরের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে সামান্য যা উপার্জন করতেন গুদাম বাবু, তা দিয়েই কোনওরকমে সংসারের ১৪-১৫ জন সদস্যের ভরণপোষণ চলত। পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা থেকে শুরু করে প্রতিদিনের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় খরচ—সবকিছুর দায়িত্বই ছিল তাঁর কাঁধে।

পরিবারের বড় ভাই দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে অসুস্থ। অন্যদিকে, তাঁর ছেলে গুলজার হোসেন কয়েক মাস আগে বেঙ্গালুরুতে ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হন। গত পাঁচ থেকে ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী। স্বাভাবিকভাবে চলাফেরা করতেও পারছেন না। নিয়মিত চিকিৎসার জন্য প্রয়োজন হচ্ছে অর্থের। পরিবারের আরেক ভাইয়েরও আগেই মৃত্যু হয়েছে। ফলে একাধিক অসুস্থ ও নির্ভরশীল সদস্যের দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছিলেন গুদাম বাবু। পরিবারে জাকির নামে তাঁর আরেক ছেলে থাকলেও এত বড় পরিবারের যাবতীয় আর্থিক দায়িত্ব একার পক্ষে বহন করা সম্ভব নয় বলে জানা গেছে। ফলে গুদাম বাবুর মৃত্যুর পর পরিবারটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *