
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : শিলচর শহরে চলমান উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করা এবং উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হকারদের যথাযথ পুনর্বাসনের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার অঙ্কুর দাসের মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অরুণ দত্ত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের উদ্দেশে এই স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, অসম প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শরিফ উজ-জামান লস্কর, সম্পাদক অভিজিৎ পাল, জাভেদ আখতার লস্কর, কে. শান্তি কুমার সিং, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি অশোক কুমার বৈদ্য, আব্দুল রাজ্জাক, অনুপ রায়, দেবোজা সুমন্ত, বাবর তাপাদার ও সজল দেব।

কমিশনারের সঙ্গে আলোচনাকালে প্রতিনিধি দলটি হকারদের অধিকার সুরক্ষায় প্রণীত Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act, 2014-এর বিভিন্ন বিধির প্রসঙ্গ তুলে ধরে। কংগ্রেসের অভিযোগ, যথাযথ সমীক্ষা, টাউন ভেন্ডিং কমিটি গঠন, উচ্ছেদের আগে অন্তত ৩০ দিনের নোটিশ এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা হলে সংশ্লিষ্ট আইনের বিধান লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্মারকলিপিতে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ, যোগ্য হকারদের ভেন্ডিং সার্টিফিকেট প্রদান, উচ্ছেদের আগে পুনর্বাসন ও স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ এবং উপযুক্ত বিকল্প স্থান চিহ্নিত করার দাবি জানানো হয়। পাশাপাশি হকার ও তাঁদের অধিকারের দাবিতে প্রতিবাদকারী নাগরিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহারেরও দাবি জানিয়েছে কংগ্রেস।

শহরের পাঁচটি নির্দিষ্ট স্থানের প্রস্তাব দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ওই স্থানগুলিতে হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসন করা সম্ভব। প্রতিনিধি দলের বক্তব্য, উচ্ছেদে ক্ষতিগ্রস্ত অনেক হকারের কাছে ইতিমধ্যেই ভেন্ডর কার্ড রয়েছে। তাঁদের মধ্যে অনেকে বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছেন। ফলে উচ্ছেদ অভিযানের কারণে তাঁদের জীবিকা ও ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।
কংগ্রেসের বক্তব্য, তারা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত পরিকাঠামোসম্পন্ন শিলচর শহরের পাশাপাশি যানজটমুক্ত ও সুশৃঙ্খল পরিবহণ ব্যবস্থার পক্ষে। তবে উন্নয়নের নামে দরিদ্র ও দৈনিক উপার্জননির্ভর হকারদের জীবিকা ধ্বংস করে কোনও উন্নয়ন সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত হকারদের দ্রুত ন্যায়বিচার ও পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে ২০১৪ সালের হকার সুরক্ষা আইনের অধীনে তাঁদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে শিলচর জেলা কংগ্রেস।



