ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহারণের আগে শ্রীভূমিতে হাজির ইউনাইটেড ব্রাদার্স ডিমা হাসাও

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : কেসি পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে শ্রীভূমিতে এখন ফুটবল উন্মাদনা তুঙ্গে। ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল এফসির আগমনের পর এবার শ্রীভূমিতে এসে পৌঁছল প্রতিবেশী পার্বত্য জেলা ডিমা হাসাওয়ের শক্তিশালী ফুটবল দল ইউনাইটেড ব্রাদার্স। আগামীকাল বুধবার শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মঙ্গলবার ইউনাইটেড ব্রাদার্সের খেলোয়াড় ও কর্মকর্তারা শ্রীভূমিতে এসে পৌঁছলে তাঁদের স্বাগত জানানো হয়। অন্যদিকে, এর আগেই শহরে এসে পৌঁছেছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল এফসি। ফলে দুই দলের উপস্থিতিতে আগামীকালের ম্যাচ ঘিরে ডিএসএ স্টেডিয়ামকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। একদিকে ইস্টবেঙ্গলের অভিজ্ঞতা ও দীর্ঘ ফুটবল ঐতিহ্য, অন্যদিকে ইউনাইটেড ব্রাদার্সের লড়াকু মানসিকতা ও দলগত সংহতি—সব মিলিয়ে ম্যাচটি আকর্ষণীয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রয়াত পিতা কৃপেশ চন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে দেশ-বিদেশের পরিচিত ফুটবল দলের অংশগ্রহণ প্রতিযোগিতার মর্যাদা বাড়িয়েছে। প্রতিযোগিতার শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। নেপালের সেওয়াজেলো এফসির বিরুদ্ধে শ্রীভূমি ডিএসএ একাদশের জয় এবং আইজল এফসির পারফরম্যান্স টুর্নামেন্টকে আরও জমজমাট করে তুলেছে।

বিশেষ করে ইস্টবেঙ্গলের অংশগ্রহণ বরাক উপত্যকার ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ। অন্যদিকে, ইউনাইটেড ব্রাদার্সের কাছেও নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ এই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *