
১৭ নভেম্বর : ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ঘটনাটি ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ জওয়ান। এরপর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিছানাকান্দি বিওপির একটি টহলদল তাঁকে আটক করে। ওই সময় তাঁর সঙ্গে অস্ত্রও ছিল বলে জানিয়েছে বিজিবি।

আটকের পর বিএসএফ জওয়ানকে বিছানাকান্দি বিওপিতে নিয়ে গিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।

এদিকে, আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।



