
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের রাঙ্গিরখাড়িস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী মহাপ্রভু ও রাধাগোবিন্দ আখড়ায় অনুষ্ঠিত হতে চলেছে ৪৮তম বার্ষিক অষ্টপ্রহর শ্রীহরিনাম সংকীর্তনযজ্ঞ। শ্রীশ্রী দামোদর মাসের সমাপনান্তে আগামী ২০ নভেম্বর, শুক্রবার থেকে তিনদিনব্যাপী এই ধর্মীয় মহোৎসবের সূচনা হবে। আগামী ২২ নভেম্বর, রবিবার বর্ণাঢ্য নগর পরিক্রমা, পূর্ণাকীর্তনসহ বিভিন্ন মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় গঙ্গাবারি আনয়নের মধ্য দিয়ে শ্রীনামযজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার স্বামী গুণসিন্ধু মহারাজের উপস্থিতিতে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। এদিন সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহাপ্রভুর সন্ধ্যারতির পর অনুষ্ঠিত হবে শুভ অধিবাস কীর্তন।উৎসবের দ্বিতীয় দিন, ২১ নভেম্বর শনিবার ভোরে মহাপ্রভুর মঙ্গলারতির পর শুরু হবে অখণ্ড শ্রীহরিনাম সংকীর্তন। দুপুরে ভোগারতির পর উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শেষ দিন, ২২ নভেম্বর রবিবার সকাল ৬টার পর শ্রীনামকীর্তনের সমাপনী পর্বে বর্ণাঢ্য নগর পরিক্রমা বের হবে। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে পূর্ণাকীর্তন। এরপর দধিভাণ্ড ভঞ্জন, মহন্ত বিদায় এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই ধর্মীয় মহোৎসবের সমাপ্তি ঘটবে।
এবারের শ্রীনামযজ্ঞে নামসুধা পরিবেশন করবেন শ্রীভূমি জেলার শ্রীরাজ গোস্বামী সম্প্রদায়, ত্রিপুরার মাধবী সম্প্রদায় এবং শিলচরের দয়াল গুরু সম্প্রদায় ও প্রাণ-গোবিন্দ সম্প্রদায়। বিভিন্ন সম্প্রদায়ের কীর্তন পরিবেশনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বার্ষিক এই ধর্মীয় উৎসবকে সর্বাঙ্গীণ সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় আখড়ার দুই বৈষ্ণব দয়াল গুরুদাস বৈষ্ণব ও রাধেশ্যাম বৈষ্ণব উপস্থিত ছিলেন। এছাড়াও বার্ষিক উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্যামসুন্দর দেবনাথ, সহ-সভাপতি প্রদীপ কুমার দেব, সম্পাদক সুরোজ রায়, সহ-সম্পাদক দেবাশিস সূত্রধর, কোষাধ্যক্ষ কাজল কংস বণিক এবং মন্দির সেবা পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ পদ দে, সহ-সভাপতি জয়তি ভট্টাচার্য, সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সহ-সম্পাদক অভিজিৎ দেবনাথ ও সৌরভ ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ সৌরভ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন উপস্থিত সকলেই এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তদের সপরিবারে শ্রীনামযজ্ঞে অংশগ্রহণ করে ধর্মীয় মহোৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনম্র আহ্বান জানান।



