বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : জাতীয় প্রেস দিবস উপলক্ষে ধলাই প্রেসক্লাবের উদ্যোগে দুই সিনিয়র সাংবাদিক সঞ্জন দত্ত ও অভিজিৎ ভট্টাচার্য এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাসকে সংবর্ধনা জানানো হয়। সোমবার বেলা ২টায় ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ধলাই প্রেসক্লাবের সভাপতি আমির হোসেন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য উদ্ঘাটন, জনস্বার্থ রক্ষা এবং সমাজের কাছে জবাবদিহি নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। একসময় গ্রামীণ সাংবাদিকতায় প্রতিকূল পরিবেশ, সীমিত যোগাযোগ ব্যবস্থা এবং নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে সংবাদ সংগ্রহ করতে হতো। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সংবাদ পরিবেশন অনেক সহজ হলেও তথ্যের সত্যতা যাচাই এবং নিরপেক্ষতা বজায় রাখার চ্যালেঞ্জ আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং সংবাদমাধ্যমের বর্তমান ভূমিকা প্রসঙ্গে বক্তারা বলেন, দ্রুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় অনেক সময় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা উপেক্ষিত হচ্ছে। বিশেষ করে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের প্রবণতা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এই পরিস্থিতিতে পেশাগত সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার মূল আদর্শ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংবাদজগতের সহায়ক প্রযুক্তি হিসেবে গ্রহণ করার পাশাপাশি এর যথাযথ ব্যবহার ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
সভায় বক্তব্য রাখেন ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস, সংবাদকর্মী সঞ্জন দত্ত, অভিজিৎ ভট্টাচার্য, রাজীব হোসেন মজুমদার, ধলাই প্রেসক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর, শিক্ষাবিদ জিয়াউদ্দিন লস্কর অসম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিত দাস, শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি প্রীতিশ চন্দ্র দাস এবং সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের কামরুল ইসলাম ও সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত তিন বিশিষ্ট ব্যক্তির উদ্দেশে প্রস্তুত করা মানপত্র পাঠ করা হয়। শিতাংশু দাসের মানপত্র পাঠ করেন রাজীব হোসেন মজুমদার, সঞ্জন দত্তের মানপত্র পাঠ করেন বিবেকানন্দ দাস এবং অভিজিৎ ভট্টাচার্যের মানপত্র পাঠ করেন আমির হোসেন লস্কর।
এদিন সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে ধলাই প্রেসক্লাবের ১২ জন সংবাদকর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের গামছা ও কলম দিয়ে সম্মান জানানো হয়।

জাতীয় প্রেস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রান্তিক মানুষের কথা তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই হোক সাংবাদিকতার প্রধান লক্ষ্য। বিশেষ করে গ্রামীণ সাংবাদিকদের প্রতিকূলতার মধ্যেও যে নিরলস পরিশ্রম করতে হয়, তার যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রয়োজন।
সার্বিকভাবে জাতীয় প্রেস দিবসের এই আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়বদ্ধতা এবং নিরপেক্ষ সাংবাদিকতার আদর্শকে আরও শক্তিশালী করার এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।



