পাথারকান্দিতে প্রথমবারের মতো জাতীয় প্রেস দিবস পালন, সংবর্ধিত সাংবাদিকরা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের ভূমিকা ও দায়িত্বকে বিশেষভাবে স্মরণ করে শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলায় প্রথমবারের মতো পালিত হলো জাতীয় প্রেস দিবস। সংবাদমাধ্যম শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের সমস্যা, সাধারণ মানুষের অভাব-অভিযোগ এবং প্রশাসনের কাছে জনস্বার্থের দাবিগুলি পৌঁছে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম। আর সংবাদমাধ্যমের সেই গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানাতেই সোমবার পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জাতীয় প্রেস দিবস। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সংবর্ধনা জানিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসনিক আধিকারিকরা।

এ দিন দুপুরে পাথারকান্দি সমজেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সমজেলা আয়ুক্ত ত্রিবিদ রায়ের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত সমজেলা আয়ুক্ত সীমান্ত বিশ্বাস। অনুষ্ঠানের সূচনাতেই উপস্থিত সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে এবং উপহার সামগ্রী প্রদান করে আন্তরিকভাবে সংবর্ধনা জানানো হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সমাজের প্রতি তাঁদের অবদান এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের গুরুত্বকে স্বীকৃতি জানাতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে সমজেলা প্রশাসন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত সমজেলা আয়ুক্ত সীমান্ত বিশ্বাস বলেন, গণতন্ত্রের অন্যতম মূল স্তম্ভ হলো দায়িত্বশীল সংবাদমাধ্যম। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তব চিত্র সংবাদমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে উঠে আসে। তাই এলাকার স্থানীয় সমস্যাগুলিকে আরও বেশি গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রশাসন ও সংবাদমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।অন্যদিকে, উপস্থিত সাংবাদিকরাও তাঁদের বক্তব্যে প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তাঁরা বলেন, পাথারকান্দি সমজেলা গঠনের পর প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পরদিনই সমজেলা আয়ুক্ত ত্রিবিদ রায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের এমন ইতিবাচক ও সহযোগিতামূলক মনোভাব নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের এই ধরনের নিয়মিত মতবিনিময় অব্যাহত থাকলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত প্রশাসনের নজরে আনা সম্ভব হবে বলেও তাঁরা অভিমত ব্যক্ত করেন।এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে পাথারকান্দিতে একটি প্রেস ক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনের কাছে জমি বরাদ্দের দাবি উত্থাপন করা হয়। সাংবাদিকদের জন্য একটি স্থায়ী প্রেস ক্লাব বা নিজস্ব কার্যালয় গড়ে উঠলে পারস্পরিক যোগাযোগ, সংবাদচর্চা, আলোচনা এবং পেশাগত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ সুবিধা হবে বলে মত প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীহার রঞ্জন দেবনাথ, সুরজিৎ সেন, সন্তোষ নাথ, আব্দুর রহমান, শম্ভু দাসচৌধুরী, জুবাইর আহমদ, রঞ্জিত কৈরী, অনুপ চন্দসহ পাথারকান্দি এলাকার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।প্রথমবারের মতো পাথারকান্দি সমজেলায় জাতীয় প্রেস দিবস পালন এবং সাংবাদিকদের সংবর্ধনা প্রদানের এই উদ্যোগ স্থানীয় সাংবাদিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। একই সঙ্গে প্রশাসন ও সংবাদমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *