মেদলি চা-বাগানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল দুই ব্যক্তির, গুরুতর আহত আরও দুই

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার দুপুরে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মেদলি চা-বাগানে সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টা নাগাদ মেদলি চা-বাগানের ম্যানেজারের বাংলোর অদূরে দুর্ঘটনাটি ঘটে। একটি নম্বরবিহীন টিভিএস এনটর্ক স্কুটিতে চালকসহ মোট চারজন মেদলি বাজার থেকে লালখিরার অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ম্যানেজারের বাংলোর কাছে পৌঁছতেই কোনও কারণে স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন চার আরোহী। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন বাকি দুজন।

নিহতরা হলেন মেদলি এলাকার বাসিন্দা কালিদাস মাদগি (৫০) এবং পিপ্রাগুল এলাকার বাসিন্দা হরি প্রসাদ তেলুগু (৩০)। গুরুতর আহতরা হলেন স্কুটিচালক সুরজ মাদগি এবং অপর আরোহী দীপক মাদগি। তাঁরা দুজনেই মেদলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে কাঠালতলি পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই রাজ রঙমেই পুলিশকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধারকাজ শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, ঘটনাস্থল থেকে নিহত কালীদাস মাদগি ও হরি প্রসাদ তেলুগুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *