বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : সাধক লখন ব্রহ্মচারী কালীমন্দির কমিটির উদ্যোগে শিলচরের ডেপুটি মেয়র বিজেন্দ্রপ্রসাদ সিংহ-সহ তিন জনপ্রতিনিধিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিতরা হলেন শিলচর পুরসভার ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিংহ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাধারানি রবী দাস এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রানু দাস।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও স্মারক উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের সূচনায় স্বাগত ও প্রারম্ভিক বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি শঙ্কর সরকার।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সম্পাদক চন্দন দে, পূজা কমিটির সম্পাদক পিন্টু সরকার, সহ-সভাপতি নিশিকান্ত পাটোয়া ও বিদ্যুৎ দাস, কোষাধ্যক্ষ অমল দাস এবং সক্রিয় সদস্য বাপন দাস, অভিক সরকার ও বিশাল দে-সহ কমিটির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তনু দাস।

সংবর্ধনা অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে জনপ্রতিনিধিদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জনপ্রতিনিধি ও মন্দির কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরিশেষে সভাপতি শঙ্কর সরকার উপস্থিত অতিথি ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবর্ধিত জনপ্রতিনিধিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।



