বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রত্যাহার করে বিকল্প গণশিক্ষানীতি ২০২৬ (People’s Education Policy 2026) প্রবর্তনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির (AISEC) অসম রাজ্য কমিটি।
শনিবার দুপুর ১২টায় গুয়াহাটির আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়ের সামনে এক প্রকাশ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা গুয়াহাটি কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ঘনশ্যাম নাথ এবং বিশিষ্ট বুদ্ধিজীবী ও লেখক দিলীপ বরা। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির রাজ্য কমিটির সদস্য ও নেতৃত্ববৃন্দ।

রাজ্য কমিটির সদস্য পরেশ দত্তের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য কমিটির সহ-সভাপতি তথা রূপহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সবুর। এদিনের গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে আর্য বিদ্যাপীঠ কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে স্বাক্ষর প্রদান করেন।




