বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : বরাক উপত্যকার ৯ জন, হাফলংয়ের ১ বাস্তুকার বরখাস্তের মুখে। সেতু ভেঙে পড়া ও কাজে অনিয়মের অভিযোগে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা পূর্ত বিভাগের বাস্তুকারদের বিরুদ্ধে বড়সড় শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। নজিরবিহীনভাবে একই দিনে বিভিন্ন পদমর্যাদার মোট ১০ জন বাস্তুকারকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া বাস্তুকারদের মধ্যে ৯ জন বরাক উপত্যকার বিভিন্ন সংমণ্ডলে কর্মরত ছিলেন। অপর একজন ডিমা হাসাও জেলার হাফলংয়ে কর্মরত। তাঁদের মধ্যে অধীক্ষক বাস্তুকার (সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার) থেকে শুরু করে কনিষ্ঠ বাস্তুকার (জুনিয়র ইঞ্জিনিয়ার) পর্যন্ত রয়েছেন। কর্তব্যে গাফিলতি, কাজে অনিয়ম এবং বিভিন্ন নির্মাণকাজে তদারকির অভাবের অভিযোগেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
বিশেষ করে বিভিন্ন সময়ে যেসব সেতু ভেঙে পড়েছে, সেগুলির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাস্তুকারদেরই শাস্তির মুখে পড়তে হয়েছে বলে খবর।

সাসপেন্ড হওয়া বাস্তুকারদের মধ্যে রয়েছেন পূর্ত (সড়ক) বিভাগের কাটিগড়া-বড়খলা আঞ্চলিক সংমণ্ডলের কার্যবাহী বাস্তুকার কল্লোল নাথ ও কনিষ্ঠ বাস্তুকার জয়দীপ নাথ। ধলাই-সোনাই সংমণ্ডলের সহকারী কার্যবাহী বাস্তুকার পীযূষ চৌধুরী ও রাতুল দাস, পাথারকান্দি-রামকৃষ্ণনগর সংমণ্ডলের কার্যবাহী বাস্তুকার শৈবাল বিশ্বাস ও সহকারী কার্যবাহী বাস্তুকার সুব্রত দাসকেও সাসপেন্ড করা হয়েছে।
এছাড়া হাইলাকান্দির কার্যবাহী বাস্তুকার শুভেন্দু দাস, সহকারী কার্যবাহী বাস্তুকার বাবু বড়ভূইয়া ও কনিষ্ঠ বাস্তুকার আমির হোসেনের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন ডিমা হাসাও জেলার হাফলংয়ে কর্মরত পূর্ত (এনইসি) বিভাগের অধীক্ষক বাস্তুকার শাকিল আহমদ।
উল্লেখ্য, শাকিল আহমদ এর আগে ধলাই-সোনাই সংমণ্ডলে কার্যবাহী বাস্তুকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়ের কাজকর্মে গাফিলতি ও অনিয়মের অভিযোগেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, হারাং সেতু ভেঙে পড়ার ঘটনার জেরেই কল্লোল নাথ ও জয়দীপ নাথের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের ক্ষেত্রেও বিভিন্ন সময়ে সেতু ভেঙে পড়া এবং অন্যান্য সরকারি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, কয়েকটি সেতু ভেঙে পড়ার ঘটনা বেশ কয়েক বছর আগের হলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারদের বিরুদ্ধে এবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একসঙ্গে ১০ জন বাস্তুকারের সাসপেনশনের ঘটনায় পূর্ত বিভাগের অন্দরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বরাক উপত্যকায় পূর্ত বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণমান, স্বচ্ছতা ও আর্থিক অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠে আসছে। এবার একযোগে এতজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর বিভাগীয় মহলে আতঙ্ক ছড়িয়েছে।



