বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : কাজিরঙায় সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে ২৬ জনের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মী মাঝি নামে এক তরুণীর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ২০ বছর বয়সি লক্ষ্মীর। মৃতদের মধ্যে ১৪ জন মহিলা, ১১ জন পুরুষ এবং একটি শিশু রয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত ১৭ জন এখনও যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃতদের মধ্যে দীপাঞ্জলি রংফারপি, জয়ন্তী রবিদাস এবং আরও এক ব্যক্তির ময়নাতদন্ত করা হয়েছে। বাকি মৃতদের ময়নাতদন্তও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ফের ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞদের দল। শনিবার সকালে চার সদস্যের ফরেনসিক দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি, বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছেন তাঁরা। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে এই নমুনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।




