১৪ নভেম্বর : মিষ্টি ভেবে মুখে তুলেছিলেন গোলাকার একটি বস্তু। কিন্তু দাঁত দিয়ে কামড় দিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারালেন ৩৫ বছর বয়সি এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায়। মৃতের নাম রাজেন্দ্র বরোটিয়া। ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিন্ডোরি জেলার ছান্তা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র বরোটিয়া মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উঠোনে বসেছিলেন। রাতের খাবার সেরে তাঁরা উঠোনে আগুন পোহাচ্ছিলেন। সেই সময় সেখানে আসেন রাজেন্দ্রর পরিচিত গ্রামবাসী রামভগত বরোটিয়া। দু’জনের মধ্যে কথাবার্তা চলাকালীন রামভগত রাজেন্দ্রর হাতে একটি গোলাকার বস্তু তুলে দেন। অভিযোগ, সেটিকে রসগোল্লা বলে পরিচয় দিয়ে খেতে বলেন তিনি।
অন্ধকারে বস্তুটিকে মিষ্টি ভেবে মুখে তুলে নেন রাজেন্দ্র। কিন্তু দাঁত দিয়ে কামড় দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর মুখ ও চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, ওই গোলাকার বস্তুটি আসলে ‘পিগ কিলার বম্ব’। স্থানীয় কিছু এলাকায় বুনো শুয়োর শিকারের জন্য এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে। দেখতে অনেকটা গোলাকার মিষ্টির মতো হওয়ায় অন্ধকারে সেটিকে রসগোল্লা বলে ভুল করার সম্ভাবনা থাকে। তবে এই ধরনের বিস্ফোরক অত্যন্ত বিপজ্জনক।

ঘটনার পর ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারাসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজেন্দ্রকে হত্যার উদ্দেশ্যেই তাঁর হাতে বিস্ফোরকটি তুলে দেওয়া হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তরা কোথা থেকে বিস্ফোরকটি সংগ্রহ করেছিল এবং ঘটনার সঙ্গে অন্য কারও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



