ত্রিপুরা পুর নির্বাচন : ৩৪৫টি আসনের মধ্যে ৭৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি, বাকি ২৬৮ আসনে হবে লড়াই

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ত্রিপুরার পুর নির্বাচন ২০২৬-কে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ৩৪৫টি ওয়ার্ডের মধ্যে ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসকদল বিজেপি। ফলে বাকি ২৬৮টি আসনে অনুষ্ঠিত হবে সরাসরি নির্বাচনী লড়াই।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, কমলপুর নগর পঞ্চায়েতের ১১টি, জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১টি, রানিরবাজার পুর পরিষদের ১৩টি, মোহনপুর পুর পরিষদের ১৫টি এবং শান্তিরবাজার পুর পরিষদের ১৫টি আসনেই বিরোধী দলের কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। অর্থাৎ এই পাঁচটি পুরসভা ও নগর পঞ্চায়েতের সবকটি আসনই আগাম দখলে নিয়েছে শাসকদল।

এছাড়া আমবাসা পুর পরিষদে ৬টি, তেলিয়ামুড়া পুর পরিষদে ৪টি এবং বিশালগড় পুর পরিষদে ২টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। সব মিলিয়ে ৭৭টি আসনে ভোটগ্রহণের আগেই জয়ের স্বাদ পেয়েছে শাসকদল।

অন্যদিকে, খোয়াই পুর পরিষদের ১৫টি আসন, আগরতলা পুর নিগমের ৫১টি আসন এবং ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর-সহ রাজ্যের অন্যান্য পুর এলাকায় বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। এসব আসনেই মূলত নির্ধারিত হবে বিরোধীদের রাজনৈতিক শক্তি ও জনসমর্থনের প্রকৃত চিত্র।

উল্লেখ্য, গত ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের পর্বে সিপিআই(এম)-এর ২৩ জন, কংগ্রেসের ১৫ জন এবং তিপ্রা মথার ৫ জন প্রার্থী-সহ মোট ৪৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নির্বাচনের আগেই একাধিক পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে বিরোধী প্রার্থীর অনুপস্থিতিতে বিজেপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ৭৭টি আসনে আগাম জয় শাসকদলের অবস্থানকে শক্তিশালী করেছে, অন্যদিকে বাকি ২৬৮টি আসনের নির্বাচনী লড়াইয়ে বিরোধীরা কতটা প্রভাব বিস্তার করতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *